গতকাল (২৬
নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র
অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের এক
আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
ঐক্য পরিষদ।
আজ (২৭ নভেম্বর) সংবাদ
মাধ্যমে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এ
দাবি জানানো হয়।
বিবৃতিতে
বলা হয়, গতকাল ২৬ নভেম্বর সম্মিলিত
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। পরে তার ভক্ত ও অনুসারী এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে
রঙ্গম সিনেমার কাছাকাছি স্থানে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হাতে নবীন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হোন। আমরা এই ঘটনার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর সঙ্গে যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
এমন
ঘটনায় নিরপরাধ কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে
ব্যাপারেও সচেতন ভূমিকা পালনের জন্য প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। পরিষদ এ ব্যাপারে নিহতের
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
একইসঙ্গে
গত ২৫ নভেম্বর প্রভু
চিন্ময়কে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রমেন রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
পরিষদ। রায় বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।
এতে
আরও বলা হয়, দেশের চলমান পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার লক্ষ্যে বিশেষ মহল সাম্প্রদায়িক উসকানি প্রদানের পাশাপাশি সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে যে কোনো মূল্যে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পরিষদ সরকার, প্রশাসন ও শান্তি প্রিয়
ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।