ডিএমপি কমিশনার
শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মিছিল-মিটিং
খোলা রাস্তার পরিবর্তে কোনো নির্দিষ্ট এলাকায় যদি করা যায় তাহলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে। রাস্তা অবরোধের চর্চা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে।
আজ (৩ ডিসেম্বর) সকালে
মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা
এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক
নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, মিছিল-মিটিং খোলা রাস্তার পরিবর্তে কোনো নির্দিষ্ট এলাকায় যদি করা যায় তাহলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে। রাস্তা অবরোধের চর্চা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে।
মাদকের
বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মাদক নির্মূলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। রাষ্ট্র বিনির্মাণে ও সমাজ পরিবর্তনের
জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
ডিএমপি
কমিশনার বলেন, পুলিশের ইমেজ বৃদ্ধিতে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। পুলিশ নিষ্ক্রিয় থাকলে চোর-ডাকাতের আতঙ্কে মানুষ যে ঘুমাতে পারে
না তা মোহাম্মদপুরবাসী ৫ আগস্টের
পর বুঝতে পেরেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে
পুলিশকে সহযোগিতা করুন।
তিনি
আরও বলেন, মোহাম্মদপুরের চাঁদাবাজরা মোহাম্মদপুরেরই বাসিন্দা। সুতরাং আপনার প্রতিবেশী খারাপ মানুষটিকে আপনি প্রতিহত করুন। ফুটপাতের চাঁদাবাজ চক্রকে মনিটরিং করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোহাম্মদপুরের
রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে আজ (৩ ডিসেম্বর) সকালে এই
মতবিনিময় সভা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর গত জুলাই-আগস্টের
গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে
সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য সবাইকে নিয়ে মোনাজাত
করা হয়।