× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবীর শুনানির আবেদন খারিজ

মোঃ বাকি বিল্লাহ চৌধুরী, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)।

১১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮ পিএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে ঢাকা থেকে আসা এক আইনজীবীর শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

ওই আইনজীবী বলছেন, আদালতে আইনজীবীদের বাধায় তার আবেদনের শুনানি করা সম্ভব হয়নি।

তবে, আসামির পক্ষে ওই আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় তা খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও আইনজীবী সমিতির নেতারা।

আজ (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে তিনটি আবেদন জমা দেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “আসামির পক্ষে আবেদনকারী আইনজীবীর কোনো ওকালতনামা নেই। যে মামলায় উনি পিটিশন দিয়েছেন, সেই মামলার উকিল শুভাশীষ শর্মার পক্ষে উনার লিখিত কোনো ওকালতনামা নেই। তাই আদালত তার আবেদন নামঞ্জুর করেছেন।”

আবেদনকারী আইনজীবী বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “আমি তিনটি আবেদন জমা দিয়েছিলাম। একটি হলো যে মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করার আবেদন।
“দ্বিতীয়টি হলো, ২৬ নভেম্বর করা মিস মামলার নথি উপস্থাপনের জন্য এবং তৃতীয় আবেদনটি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত তারিখ এগিয়ে আনার জন্য।”

রবীন্দ্র ঘোষ বলেন, “চিন্ময় প্রভুকে এখানকার আইনজীবীরা কেউ রিপ্রেজেন্ট করতে পারছেন না। জজ সাহেব আমার আবেদন অ্যালাও করতে চেয়েছিলেন। কিন্তু সেসময় ১০০ জনের মত আইনজীবী একসাথে চিৎকার করতে থাকেন। তারা বলতে থাকেন, ‘উনি পারবেন না, উনি এখানে কেন আসছেন, উনার ওকালতানামা নেই’।

“আমি একজন সিনিয়র আইনজীবী। আমি নিজে স্বাক্ষর করে শুনানি করার আবেদন করেছি। কিন্তু এখানকার পরিস্থিতি এমন, তা বুঝতে পারিনি।

ওকালতনামা না থাকার বিষয়ে রবীন্দ্র ঘোষ বলেন, “চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা মামলার আসামি। আমি এসে দেখলাম পরিস্থিতি কী, যেহেতু এখানে আবেদনের শুনানি হয়নি, আমরা উচ্চ আদালতে যাব।”

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “ঢাকা থেকে একজন অ্যাডভোকেট এসেছিলেন। আসামির পক্ষে ওকালতনামা বা আসামির উকিলের পক্ষ থেকে কোনো লিখিত অনুমতি না থাকায় আদালত ওই আইনজীবীর আবেদন খারিজ করে দিযেছেন।”

শুনানি শেষে আইনজীবীদের একাংশ আদালত ভবনের ভেতর মিছিল করতে থাকেন। তারা ‘ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে মিছিল করেন।

আদালতের পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মো. মাহফুজুর রহমান বলেন, “একজন আইনজীবী এসেছিলেন, উনার করা আবেদন খারিজ করা হয়েছে। এগুলো আদালতের আইনগত বিষয়। কোন মিছিল-স্লোগান আমরা দেখিনি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.