বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসার লক্ষ্যে রংপুর হতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ (১১ ডিসেম্বর) সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়। মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, ‘শহীদ আবু সাঈদের বাবাকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
এ ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।
গত ২৮ নভেম্বর ঢাকায় এসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবু সাঈদের বাবা তার পরিবারের সদস্যদের নিয়ে দেখা করে গিয়েছিলেন।