যারা মুক্তিযোদ্ধা
না হয়েও অবৈধ উপায়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম
প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। আর এ সুযোগ না নিলে যখন তাদের ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি
নিশ্চিত হবে তখন তাদের সনদ বাতিলের সঙ্গে সঙ্গে সাজা দেওয়ারও ব্যবস্থা করবে সরকার।
আজ (১১ ডিসেম্বর)
বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের
উপদেষ্টা ফারুক ই আজম এমন কড়া হুঁশিয়ারি দেন ভুয়া মুক্তিযোদ্ধাদের।
ফারুক ই আজম
বলেন, আমার দৃষ্টিতে জাতির সঙ্গে প্রতারণা করেছে এই ভুয়া মুক্তিযোদ্ধারা। এটা মোটেও
কোন ছট অপরাধ নয়, এটি ঘোরতর বড় একটি অপরাধ। এখনো তাদের জন্য সুযোগ রয়েছে, তারা যদি
স্বেচ্ছায় এখান থেকে চলে যান তাহলে তারা হয়তো সাধারণ্ন ক্ষমা পেতে পারেন, আর তা না
হলে তাদের প্রতারনার দায়ে অভিযুক্ত করা হবে।
মুক্তিযোদ্ধাদের
তালিকা নিয়ে রয়েছে ব্যপক অভিযোগ, এটি জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
বলেন, আমাদের হাতে ৩-৪টা তালিকা আছে। বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের
তালিকা, ভারতীয় তালিকা। বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। মুক্তিযোদ্ধা
না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে অনেকে, অনেকে আবার গেজেটভুক্ত হয়েছে।
তারা আবার সুবিধাদি গ্রহণ করছে। আদালতের কাছ থেকে যখন এ বিষয়টা নির্ণয় হবে তখন তাদের
তো বাতিল (সনদ) করবোই এবং সাজার ব্যবস্থাও করব, যেন এটার জন্য প্রয়োজনীয় শাস্তি ভোগ
করে।
উপদেষ্টা
ফারুক ই আজম বলেন, আমরা যাচাই-বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ব্যাপারে
একই রকমের বিষয় হবে। এটার শাস্তি পাওয়া উচিত, তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া
উচিত। আমরা আশা করছি, এ বিষয়ে খুব দ্রুত কার্যকর ব্যবস্থায় যেতে পারব।
যারা সত্যিকারের
মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়। সেটাকে অক্ষুণ্ন রেখেই বাকি কাজ সম্পন্ন
করতে চায় সরকার। এটা একটা দুরূহ কাজ তার পরও উপদেষ্টারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে
ফারুক ই আজম আরও বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন পরিচয়ের খাতিরে অনেককে মুক্তিযোদ্ধা
করা হয়েছে, তাদের চিহ্নিত করতে একটু সময় লাগবে। তবে এতে সফল হবেন বলে জানিয়েছেন তিনি।