চিকিৎসা খাতে ১৫০ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত প্রায় ১৫ হাজার ছাত্র-জনতা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এই অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিটি ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসা বাবদ অনুদান দেওয়া হবে। চলতি অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীনে ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ২৩২ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ১৫০ কোটি টাকা এই উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অনুদান দেওয়া হবে।
- ক্যাটাগরি ‘এ’-তে থাকা ১ হাজার ব্যক্তি প্রতি জন ২ লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন।
- ক্যাটাগরি ‘বি’-তে থাকা ৩ হাজার ব্যক্তি প্রতি জন ১ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা পাবেন।
- ক্যাটাগরি ‘সি’-তে থাকা ৪ হাজার ব্যক্তি প্রতি জন ১ লাখ টাকা করে মোট ৪০ কোটি টাকা পাবেন।
- ক্যাটাগরি ‘ডি’-তে থাকা ৭ হাজার ব্যক্তি প্রতি জন ৫০ হাজার টাকা করে মোট ৩৫ কোটি টাকা পাবেন।
এছাড়া, আহতদের দেশ-বিদেশে পরামর্শ সেবা গ্রহণের জন্য ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।
এই অর্থ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখায় জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান প্রদান করবেন। শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত খরচে সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিষয়ে নীতিমালা জারি করতে হবে।