রেলওয়ের রানিং
স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা
দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন। এই কারণে আজ (২৭ জানুয়ারি) শেষে ২৮ জানুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিট থেকে থেকে সারা দেশে ট্রেন
চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
যদিও এ ব্যাপারে
রেলপথ মন্ত্রণালয় এখনো পরিষ্কার কিছু জানায়নি। শুধু এটুকু জানিয়েছে যে রানিং স্টাফদের
দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।
রেলওয়ে সূত্রে
জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার)
ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং
এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো
রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা
রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।
এ ব্যাপারে, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক
কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ২৭ জানুয়ারি
দিবাগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন চালানো বন্ধ
রাখব। ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি
দিতে হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলে হবে না। এটা নতুন কোনো বিষয়
নয়, এটা ১৬০ বছর ধরে চলে আসছে। ১৬০ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে,
এটা তো রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা ওনাদের বারবার সময় দিয়েছি, বারবার
আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই।