সাত কলেজ
শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর যেসব পুলিশ সদস্যরা
হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট
থানা ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
আজ
(২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা
করা হয়। একইসঙ্গে এই সময়ের মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আল্টিমেতাম দেন তারা।
শিক্ষার্থীদের
দাবি, ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
ঢাকা কলেজ
শিক্ষার্থী মইনুল হোসেন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের
ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউমার্কেট থানার
ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা)
ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে
দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।
মইনুল হোসেন
আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে
নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭ কলেজের সামনে দিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।