সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে নারীও রয়েছেন।
আজ (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এর আগে, সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রার্থীরা সমাবেশ করেন এবং পরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন।
পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের বাধা ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গতকাল (৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন। এর পরেই প্রার্থীরা হাইকোর্টে এর প্রতিবাদ জানান।
জানা যায়, কোটা অনুসরণ করার অভিযোগে কয়েকজন নিয়োগবঞ্চিত প্রার্থী হাইকোর্টে রিট করেন। আদালত তাদের আদেশে নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন। রুলের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।