× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে আজ (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করবেন ।

ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর দেশে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে ঢাকা ও দিল্লির মধ্যে তলব-পাল্টা তলবের ঘটনা ঘটেছে। এছাড়া, ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা গেছে, যা ঢাকাকে অস্বস্তিতে ফেলেছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আজকের বৈঠকের প্রধান বিষয় হবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং বর্তমান অস্বস্তি দূর করা। বাংলাদেশ তার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারে, যাতে শেখ হাসিনাকে থামানো হয় এবং তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানো হয়।

এছাড়া, তৌহিদ হোসেন এবং এস. জয়শঙ্করের আলোচনায় সীমান্ত সংক্রান্ত বিষয়, ভিসা ব্যবস্থাপনা, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং অন্যান্য চলমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। বিশেষত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তোলে। তবে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর থেকে কিছুটা সম্পর্কের উন্নতি দেখা গেছে।

বিশেষ করে, ৫ জানুয়ারি ভারত এবং বাংলাদেশ একে অপরের দেশে আটক মোট ১৮৫ জন জেলেকে ফেরত দিয়েছে এবং নৌযানগুলোও হস্তান্তর করেছে, যা দুই দেশের সম্পর্কের উন্নতির একটি বড় পদক্ষেপ।

তবে, জানুয়ারির মাঝামাঝিতে সীমান্ত পরিস্থিতি এবং কাঁটাতারের বেড়া নির্মাণের পর আবারও উত্তেজনা সৃষ্টি হয়, যার ফলে একে অপরকে তলব করা হয়।

সম্প্রতি, শেখ হাসিনার বক্তব্যের কারণে ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর, ভারতের পক্ষ থেকে ওই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এই ধরনের মন্তব্যকে বাংলাদেশের পক্ষ থেকে 'অপ্রত্যাশিত' এবং 'অনাকাঙ্ক্ষিত' হিসেবে বিবেচনা করা হয়েছে।

ভারত, ওমান এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে, যা দুই দিনব্যাপী চলবে। সম্মেলনে ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.