আজ (১৭ ফেব্রুয়ারি)
ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায়
সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার
অনুরোধ জানিয়েছেন।
বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা এসময় বলেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট
টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। গরমকালে তা বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াট। এর দুটো কারণ হচ্ছে সেচ ও এসির ব্যবহার। সেচ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তবে এসির যে ব্যবহার, এটা যদি পরিমিত আকারে ব্যবহার করা যায়, তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।
তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নিয়ে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছি। বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমরা আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সবরকম আয়োজন নিয়েছি।