সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, "আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যেকোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।"
আজ (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্ণেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজনসহ উন্নয়নমূলক কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার এবং প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর।"
সেনাপ্রধান আরও বলেন, "বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। ২০২১ সালের ১ জানুয়ারি রেজিমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর, কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে তারা আজকের মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এই রেজিমেন্ট ২০১১ সালে জাতীয় পতাকা লাভের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, যা তার কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।"
এর আগে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে অভিষিক্ত হন। এর মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্ণেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে, তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধানকে 'কর্নেল র্যাঙ্ক ব্যাজ' পরানো হয়। পরে তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর প্রধান ১৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। তিনি রেজিমেন্টের সব সদস্যকে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।