চলতি বছর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে কিছু ব্যতিক্রমী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এবছর কাদের বা কতজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
আজ (২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, "কমিটি কিছু নাম সুপারিশ করেছে এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবছর কিছু ব্যতিক্রমী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে।"
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "পূর্বে স্বাধীনতা পুরস্কার প্রদান করা নিয়ে দল ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। এমনকি র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। তবে চলতি বছর দশজনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে।"