বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীনের গণমাধ্যম সিজিটিএন-কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি শনিবার (৫ এপ্রিল) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়, যার দৈর্ঘ্য ছিল ৪ মিনিট।
চীনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ড. ইউনূস বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, এতে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের উন্নতি হবে।
বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে, এবং এই রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমনটি বিশ্বাস করেন তিনি। ড. ইউনূস জানান, দেশের প্রায় অর্ধেক জনগণ ২৭ বছরের কম বয়সী, যারা অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তি হয়ে উঠতে পারে।
এ সময় তিনি বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্যকেও মূল্যায়ন করেন এবং আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশকে তার রূপান্তরে সহায়তা অব্যাহত রাখবে।
সংস্কৃতি ও ভাষাচর্চার দিকে গুরুত্ব দিয়ে ড. ইউনূস চীনের প্রতি বাংলাদেশে একটি চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, চাইনিজ ভাষা ও সংস্কৃতি জানলে বাংলাদেশের জনগণ চীনের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে।
স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি চীনের হাসপাতালগুলোর প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ চীনের উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারলে তা তাদের জন্য উপকারী হবে। এছাড়া চীনের স্বাস্থ্যখাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অনেক কিছু লাভ করতে পারে বলে মন্তব্য করেন।
শেষে, তিনি শান্তির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোন সমাধান নয়।"
উল্লেখ্য, ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ড. ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং এরপর বেইজিং সফর করেন। এটি তার প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।