বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর এবং এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশসহ ভূমি পরিবেষ্টিত অন্যান্য দেশগুলো উপকৃত হবে।
চীনের গণমাধ্যম সিজিটিএন-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ আহ্বান জানান। শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন।
ড. ইউনূস তার সাক্ষাৎকারে বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিষয়ে আলোচনা করেন। চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায় এবং যদি এটি সম্ভব হয়, তাহলে তারা অত্যন্ত খুশি হবে। এছাড়া, চীনা প্রযুক্তি স্বাস্থ্যখাতে বাংলাদেশের জন্য বেশ সহায়ক হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে, এবং দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী, বাংলাদেশকে রূপান্তরিত করতে চীন সহায়তা করতে পারে, কারণ দেশের অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে, যা তাদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তিতে পরিণত করার সুযোগ তৈরি করে।
বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সম্পর্কের সাফল্যের প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং চীন তার জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
ড. ইউনূস বলেন, এ সম্পর্কের উন্নতির জন্য সংস্কৃতি এবং ভাষাচর্চার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন করতে চীন সহায়তা করতে পারে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ চাইনিজ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার সুযোগ পাবে এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠবে।
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠিত করা একমাত্র সমাধান, এবং যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না।
এছাড়া, ২৬ থেকে ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফর করেন, যা ছিল তার দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফর।