মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে এবং দ্রুত বিচার সম্পন্ন করার জন্য তারা কার্যক্রম গ্রহণ করেছে। আজ (৬ এপ্রিল) ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, "মামলার বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে সার্বক্ষণিক নজর রাখছে। আমরা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য চাপ অব্যাহত রেখেছি। তবে, আইন মন্ত্রণালয় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে।"
এছাড়া, এবারের ঈদ অন্যান্য বছরের তুলনায় আলাদা ছিল উল্লেখ করে তিনি বলেন, "জুলাই-আগষ্টের আহত পরিবারগুলোর সঙ্গে ঈদ পালন করেছি। একজন মানবাধিকার কর্মী হিসেবে এবার ১৮ কোটি মানুষের সঙ্গে ঈদ করতে পেরেছি, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।"