গুমের মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী দলের উপর হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ (০৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রদান করেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "আমিসহ গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সক্ষম হবে না। ট্রাইব্যুনালের বিচার সম্পর্কে দুর্নীতির কোনো প্রমাণও পাওয়া যাবে না।"
বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি মন্তব্য করতে গিয়ে তাজুল ইসলাম বলেন, "এ বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে, কারণ রাজনীতির কাজ হলো দেশের উন্নয়ন নিয়ে ভাবা। তবে, অপরাধের বিস্তৃতি বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। সরকার অবশ্যই এই বিষয়ে বাস্তবতা ভেবে সিদ্ধান্ত নিবে।"
তিনি আরও বলেন, "একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়; এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকার এ বিষয়ে ইতিবাচক চিন্তা করছে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।"