মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে দেশটিকে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে একটি চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হবে। অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিস (ইউএসটিআর) এ পাঠাবেন।
আজ (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকের পর প্রেস সচিব এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে এবং নেবে, এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য তার কৌশলগুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, চিঠিতে যা-ই থাকুক না কেন, তা হবে ব্যবসা-বান্ধব। বাংলাদেশে ব্যবসার স্বার্থটি সুরক্ষিত থাকবে। আমরা বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় থাকা অন্যান্য দেশের তুলনায় আরো ব্যবসা-বান্ধব হবো, যাতে ইউএসএ এবং আমাদের জন্য একসঙ্গে লাভজনক পরিস্থিতি তৈরি হয় এবং আমাদের মার্কেট এক্সেস বাড়ে।
এ বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, ফারুক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে যে কৌশল নেয়া হচ্ছে তা একটি সমতল ভূমিকা তৈরি করবে। আজকের বৈঠকের আলোচনায় তারা নতুন পথনির্দেশনা পেয়েছেন, যা ব্যবসায়ীদের জন্য সুখবর।