× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহাসমাবেশ; আগারগাঁওয়ে জড়ো হচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১৩:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ছয় দফা দাবি আদায়ে এবং কুমিল্লার কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে আজ রাজধানীতে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন সড়কে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে আজ (২০ এপ্রিল) শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশে যাত্রা করেন। তারা বিভিন্ন স্লোগান দেন—১৩ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার,  দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এক হও, এক হও, পলিটেকনিক এক হও — যা সমাবেশের আবেগ ও গুরুত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

এই মহাসমাবেশে শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি তুলে ধরেছেন, তার অন্যতম হলো— জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করা এবং তাদের পদবি পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট মামলায় জড়িত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা। একইসঙ্গে ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সেই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং যেসব ক্রাফট ইন্সট্রাকটর এই প্রক্রিয়ার মূল কারিগর ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা আরও চান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স অব্যাহত রাখা হোক এবং আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মানসম্মত ও যুগোপযোগী সিলেবাস এবং কারিকুলাম প্রণয়ন করা হোক। তারা মনে করেন, উপ-সহকারী প্রকৌশলী এবং সমমানের (১০ম গ্রেড) পদে কেবলমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকতে হবে। পাশাপাশি, এই পদটি তাদের জন্য সংরক্ষিত রাখার দাবিও জানানো হয়।

প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের জন্য ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে তারা বলেন, সরকারকে এই বিষয়টি নীতিগতভাবে নিশ্চিত করতে হবে।

কারিগরি খাতে সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীরা দাবি করেন, কারিগরি সেক্টর পরিচালনার জন্য পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষসহ সব প্রশাসনিক পদে যেন শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সব নিয়োগবিধিমালার সংস্কার চেয়ে বলা হয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে থাকা শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারীদের দ্রুত নিয়োগ দিতে হবে।

উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত করার অংশ হিসেবে শিক্ষার্থীরা দাবি জানান, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস করা শিক্ষার্থীদের জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় গঠনের গেজেট অবিলম্বে প্রকাশ করতে হবে। একইসঙ্গে বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ—নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও খাগড়াছড়িতে শতভাগ সিট নিশ্চিত করার দাবি তোলেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.