ঢাকা
কলেজের শিক্ষার্থী ফাইয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হলে আইন
মন্ত্রণালয়ের পক্ষে তাতে কিছু করার সুযোগ নেই।
আজ
(২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য
দেন তিনি। এ সময় আসিফ
নজরুল জানান, মামলাটিতে ইতোমধ্যে দুজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কিন্তু সেই জবানবন্দি প্রত্যাহার না হওয়ায় মামলার
চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা
কঠিন হয়ে পড়ছে। কেন আট মাস পেরিয়ে
গেলেও সেই জবানবন্দি প্রত্যাহার হয়নি, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনই ভালো বলতে পারবে বলে মত দেন তিনি।
আসিফ
নজরুল আরও বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা এখানে এসে প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়। তিনি স্বীকার করেন, বিচার ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে সে বাস্তবতা মেনে
নিয়েই বিচারকদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
বিচারকদের
সততা ও দায়িত্ব পালনের
ওপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, কারও জন্য বাড়তি সুবিধা না থাকলেও দায়িত্ব
পালন থেকে বিরত থাকা যায় না। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে বিচারকদের আর্থিক স্বচ্ছতার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে তিনি জানান, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে অনেকেই রাজনৈতিক বক্তব্য দিতেন, যা উচিত ছিল
না।
উল্লেখ্য,
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলাটির নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন।