ছবিঃ সংগৃহীত।
মিয়ানমারে চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা, বেসামরিক নাগরিকদের হতাহতের পাশাপাশি নাফ নদীর তীরে সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে দিয়েছেন, এই অস্থিরতা যদি অব্যাহত থাকে, তবে তা বৃহত্তর নিরাপত্তা হুমকিতে পরিণত হতে পারে।
আজ (২০ এপ্রিল)
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়েরে লাক্রোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দক্ষিণ-পূর্বাঞ্চলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথাও স্মরণ করেন এবং বলেন, মহাসচিবের এই সফর রোহিঙ্গাদের
মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের
নতুন আশার সঞ্চার করেছে।
প্রফেসর
ইউনূস জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম। বর্তমানে ১১টি সক্রিয় শান্তিরক্ষা মিশনের মধ্যে ১০টিতে বাংলাদেশের ৫,৬৭৭ জন
শান্তিরক্ষী কর্মরত রয়েছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং জানান, এ বিষয়ে তিনি
নিজে থেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
জাতিসংঘের
আন্ডার সেক্রেটারি-জেনারেল লাক্রোয়া নারীদের শান্তিরক্ষায় আরও বেশি অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নারীদের নির্দিষ্ট ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে না; বরং শান্তিরক্ষার প্রতিটি পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘ সহায়তা দেবে।
সাক্ষাতে
ড. ইউনূস আরও জানান, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েনের
জন্য প্রস্তুত রয়েছে। তিনি জাতিসংঘের ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমে (পিসিআরএস)’ বাংলাদেশের পাঁচটি ইউনিট র্যাপিড ডিপ্লয়মেন্ট পর্যায়ে রাখার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি, শান্তিরক্ষী মিশনে নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দেন এবং
বলেন, সদর দপ্তর ও মিশন—উভয়
স্তরেই বাংলাদেশি কর্মকর্তাদের প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি।
প্রধান
উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশি সদস্যদের প্রশিক্ষণ, জবাবদিহি এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার
সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশের আগ্রহের কথাও জানান।
সাক্ষাৎকালে
প্রধান উপদেষ্টাকে জানানো হয়, আগামী ১৩ থেকে ১৪
মে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে অংশগ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
