× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, নইলে ‘লংমার্চ টু ঢাকা'; পলিটেকনিক শিক্ষার্থীদের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১৮:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলে ‘লংমার্চ টু ঢাকা'  কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।

আজ (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মহাসমাবেশে বক্তারা জানান, দীর্ঘ আট মাস ধরে আন্দোলন চালিয়ে আসলেও সরকার তাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। তারা বলেন, আমরা রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু সরকার আমাদের বাধ্য করছে। আমরা আর সময় দিতে রাজি নই।

আন্দোলনের মূল সূত্রপাত জুনিয়র ইন্সট্রাকটর পদে থাকা ‘ক্রাফট ইন্সট্রাকটর’দের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, তাদের পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি ঘিরে। এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেছে এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

সমাবেশ থেকে জানানো হয়, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে আজকের এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এ সময় কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয়।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে শেরে বাংলা নগরে জড়ো হতে থাকেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ছয় দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত দাবি মানা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। লংমার্চ টু ঢাকা হবে এরই সূচনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.