× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ১৯:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান সমস্যাগুলোর সমাধানে গঠিত স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সুপারিশগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রতিবেদন গ্রহণের পর ড. ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের সংকট বহুদিনের। এই সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর বাস্তবায়ন হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, স্বাস্থ্যখাতের সমস্যাগুলোর বাস্তব ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্টদের এখন থেকেই মনোযোগী হতে হবে।

তিনি বিশেষভাবে ডাক্তার সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, একটি বড় সমস্যা হলো, অনেক স্থানে ডাক্তারের ঘাটতি রয়েছে। আবার কোথাও ডাক্তার থাকলেও সেখানে তাদের পোস্টিং নেই। এই ব্যবস্থাকে বদলাতে হবে। ডাক্তারদের সঠিক জায়গায়, প্রয়োজন অনুযায়ী নিযুক্ত করতে হবে এবং তা যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেটাও নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টা চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে বলেন, বিকেন্দ্রীকরণ ছাড়া স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ডাক্তারদের পোস্টিং অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করতে হবে এবং এর ওপর কঠোর নজরদারি চালাতে হবে।

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন কমিশনের প্রধান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ। এছাড়া স্বাস্থ্য কমিশনের আরও দুই সদস্য ডা. নায়লা জামান খান এবং ডা. মোজাহেরুল হক প্রতিবেদন প্রস্তুতকরণে ভূমিকা রেখেছেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর, টেকসই ও জনগণের কাছে সহজপ্রাপ্য হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.