× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২৫, ১৫:২৭ পিএম

ছবি : সংগৃহিত

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীন সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছি—নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়।’  তিনি আরও বলেন, ‘যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’  ডিআইজি রেজাউল করিম বলেন, ‘ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবাকেন্দ্র। থানাকে First Responder (প্রথম প্রতিক্রিয়াকারী) হিসেবে গড়ে তুলতে চাই। যত দিন আমি দায়িত্বে থাকব, পেশাদারিত্ব, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করব।’ অসহায় ও ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই। থানা হবে তাদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের যেকোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আমার কাছে সরাসরি আসতে পারবে। নির্ধারিত সময়ে আমার অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন। আমি নিজেই বিষয়টি দেখব। এ জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই।’ এদিকে, নিষিদ্ধ সংগঠনের তথ্য আদান-প্রদানে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় রয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। নিষিদ্ধ সংগঠনের কোনো তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.