মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ (১২ মে) তদন্ত প্রতিবেদন জমা দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তাঁর এক ফেসবুক পোস্টে।
তিনি লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে বলে আশা করছি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ঐ মামলায় চলতি সপ্তাহেই ‘ফরমাল চার্জ’ দাখিল করা হবে। এর মাধ্যমে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদন গ্রহণ করে আদালত এ নির্দেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার নিরাপরাধ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সেই হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী। এরপর, ৫ আগস্ট, দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেয় এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে।