× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১১:৪১ এএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ (১২ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই প্রতিবেদন জমা দেন। প্রাপ্ত তথ্যমতে, তদন্ত প্রতিবেদনে ‘জুলাই গণহত্যার মূল নির্দেশদাতা’ হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

এর আগে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট সোমবার চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবে বলে আশা করছি। এরপর ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই মামলায় ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে, এবং এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

এরও আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরস্ত্র ছাত্র ও সাধারণ জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এই দমন-পীড়নে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা ছিলেন এই গণহত্যার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী।

এই ঘটনার প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যারা ওই গণহত্যার বিচার নিশ্চিত করার উদ্যোগ নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.