আমরা এখন
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্বাধীনতার পর এমন একটি সুযোগ আর আসেনি।
তাই এই মাহেন্দ্রক্ষণে আমাদের সবার দায়িত্ব, অতীতের অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করা।
আজ
(১২ মে) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনার শুরুতে এসব কথা বলেন অধ্যাপক রীয়াজ। তিনি বলেন, গত ৫৩ বছর
ধরে দেশের মানুষ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর থেকেছে এবং বিভিন্ন সময়ে সেই লক্ষ্যে আন্দোলনে অংশ নিয়েছে। তবে এখনও সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পায়নি বলেই জনগণের সংগ্রাম চলমান রয়েছে।
আলী
রীয়াজ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি ফ্যাসিস্ট শাসকের পলায়ন ঘটেছে, যা গণতন্ত্রের প্রাথমিক
বিজয় নিশ্চিত করেছে। তবে এই বিজয়কে অর্থবহ
করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখন সামনে এগিয়ে যেতে হবে।
অধ্যাপক
আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দেশের রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজের
মধ্যে একটি কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠা করা। একইসঙ্গে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা আমাদের সকলের দায়িত্ব।
আলোচনায়
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম
মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান
উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলোচনায়
গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ। তার নেতৃত্বে অংশ নেয় ২০ সদস্যের একটি
প্রতিনিধি দল। দলে আরও ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এমএল-এর
সভাপতি কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি কমরেড আলি হোসেন, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশীদ খান
এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম।