প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারিভাবে এখনও কোনো গেজেট বা অফিসিয়াল ডকুমেন্ট
নির্বাচন কমিশনের (ইসি) কাছে পৌঁছায়নি। তাই এই বিষয়ে এখনই
কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। বিষয়টি নিয়ে আমরা সমানভাবে উদ্বিগ্ন। নিশ্চয়ই নির্বাচন কমিশন দেশের জন্য কাজ করে। যখন আকাশে সূর্য উঠবে, তখন সব কিছু পরিষ্কার
দেখা যাবে।
আজ
(১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে এক বৈঠক শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী
লীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সব কার্যক্রম নিষিদ্ধ
করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি বলেন, এ বিষয়ে কোনো
গেজেট বা সরকারি প্রজ্ঞাপন
হাতে আসার পরেই আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। এর আগে মন্তব্য
করা সঠিক হবে না।
কার্টার
সেন্টারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, গত তিনটি জাতীয়
নির্বাচনে তারা পর্যবেক্ষক হিসেবে আসেননি। তবে এবার তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি। বলেছি, যাদের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে, সবাইকে আমন্ত্রণ জানাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
আয়োজনের জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চায়, তাদের আমরা সবসময় উৎসাহিত করি।
তিনি
আরও জানান, কার্টার সেন্টার বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট
অংশীদারদের সঙ্গে আলোচনা করেছে এবং সবার কাছ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থার বার্তা পেয়েছে। তারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কী রকম। আমরা
আমাদের অঙ্গীকার ও প্রস্তুতির সব
দিক তাদের সামনে তুলে ধরেছি, বলেন সিইসি নাসির উদ্দীন।