× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাস্থ্যখাতে নজর দিন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

১২ মে ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবি : সংগৃহিত

অন্তর্বর্তী সরকারকে আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিহার করে দূরদর্শী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় বিপদ হতে পারে বলেও জানান তিনি। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্যখাত ও জনকল্যাণমূলক খাতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। 

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবাপরায়ণ জীবন তুলে ধরে রিজভী বলেন, ধনী পরিবারের সন্তান হয়েও তিনি মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এবং নার্সিং পেশার সূচনা করেছিলেন। রাজনৈতিক কারণে হাসপাতালে থাকাকালীন নার্সদের সেবার মহিমা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলেও জানান। তাদের সেবা মায়ের সেবার মতোই উল্লেখ করে তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

বিএনপির এই নেতা নার্সদের প্রতি বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াজুড়েই নার্সদের সামাজিকভাবে হেয় করা হয়। তাদের আবাসন সংকট এবং তিন শিফটে কাজের পরেও ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা না থাকার কথা উল্লেখ করেন তিনি। ডাক্তারদের পাশাপাশি নার্সদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন রিজভী।

উড়াল সেতু ও মেগা প্রকল্পের সমালোচনা করে রিজভী বলেন, "উড়াল সেতু, মেগা প্রজেক্ট কি চিবিয়ে চিবিয়ে খাবো নাকি? যে দেশের হিউম্যান উন্নতি হয় না, সে দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে না।" তিনি লুটপাট ও পাচার হওয়া অর্থের অর্ধেক স্বাস্থ্য খাতে ব্যয় করলে দেশের উন্নয়ন সম্ভব হতো বলে মন্তব্য করেন।

রিজভী করোনার সময়ে স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রসঙ্গ টেনে দরবেশ নামের এক ব্যক্তির জেলে থাকার কথা উল্লেখ করেন।  আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "কেন আমি ডলার খরচ করে ইন্ডিয়াতে যাবো? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? তারা প্রতিমুহূর্তে আমাদেরকে নিয়ে নেগেটিভ বয়ান তৈরি করে অপপ্রচার করছে। তাদের পেছনে যদি এই আমরা ডলার খরচ না করে, এই টাকাগুলো আমাদের নার্স-ডাক্তারদের পেছনে খরচ করি, তাহলে ইন্ডিয়ায় যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। ডাক্তারদের লজিস্টিক সাপোর্ট ঠিক করতে পারলেই তো কেউ ওই (ভারত) দিকে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল।"

আলোচনা সভায় বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, কাদের গণি চৌধুরী, জাহানারা পারভিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ বক্তব্য দেন।


    

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.