× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালের উপ-স্পিকার ইন্দিরা রানাকে প্রধান উপদেষ্টা

সেভেন সিস্টার্সসহ নেপাল-ভুটানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১৯:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার্স) মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সড়ক সংযোগে আন্তঃসীমান্ত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ (১২ মে) ঢাকায় নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি সভার উপ-স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন অধ্যাপক ইউনুস। তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করলেই আমাদের সবার লাভ বেশি।

সাক্ষাতে আঞ্চলিক অবকাঠামো ও জ্বালানি খাতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইউনুস। বিশেষভাবে আলোচনায় উঠে আসে বাংলাদেশ-নেপাল জলবিদ্যুৎ সহযোগিতা প্রসঙ্গ। তিনি সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথা উল্লেখ করেন, যার আওতায় ভারতের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে। উভয় পক্ষই এই উদ্যোগকে বড় পরিসরে সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টা আঞ্চলিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ভূমিকা ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, রংপুরে নির্মাণাধীন ১,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি শুধু বাংলাদেশ নয়, নেপাল ও ভুটানের রোগীদের জন্যও উন্মুক্ত থাকবে। তিনি বলেন, আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও সমবায় সমৃদ্ধিতে বিশ্বাস করি।

উপ-স্পিকার ইন্দিরা রানা বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, নেপালের সকল সংসদ সদস্যই বাংলাদেশ নিয়ে কাজ করতে আগ্রহী। অর্থনৈতিক অংশীদারিত্ব ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিতে নেপাল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে, ২,৭০০-এর বেশি নেপালি শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং আরও শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতার আহ্বান জানান।

সাক্ষাতে সরাসরি সড়ক যোগাযোগ উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, নেপালের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত হলে আঞ্চলিক বাণিজ্য ব্যয় হ্রাস পাবে এবং পণ্য ও মানুষের চলাচল সহজতর হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.