নারী
সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার
(২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার
মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত রায়ে বলেন, এখনও সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি, ফলে রিটটি ‘প্রি-ম্যাচিউড’ বা সময়ের পূর্বে
দায়ের করা হয়েছে। সরকার যদি ভবিষ্যতে এই সুপারিশ বাস্তবায়ন
করে, তাহলে তখন রিটকারী পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারবেন।
রিটটি
দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী। শুনানিতে তিনি আদালতকে জানান, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এ অন্তর্ভুক্ত বেশ
কিছু প্রস্তাবনা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান এবং ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে
সাংঘর্ষিক। প্রতিবেদনের মোট ৩১৮ পৃষ্ঠার মধ্যে বিশেষ করে অধ্যায় ৩, ৪, ৬,
১০, ১১ এবং ১২-তে যেসব সুপারিশ
করা হয়েছে, সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি এই রিট দায়ের
করেছেন।
তিনি
যুক্তি তুলে ধরেন যে, প্রতিবেদনে নারী ও পুরুষের জন্য
সমান উত্তরাধিকার প্রস্তাব করা হয়েছে, যা কোরআনের সুরা
নিসার (৪:১১) স্পষ্ট
নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব ইসলামী শরীয়তের পরিপন্থী এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী
ধর্মচর্চার স্বাধীনতাও এতে ক্ষুণ্ণ হয়। “My Body, My Choice” স্লোগানকে রিপোর্টে অন্ধভাবে সমর্থন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন, যা ধর্মীয় ও
সামাজিক নৈতিকতার সীমার বাইরে চলে যাওয়ার শামিল। একইসঙ্গে, যৌনকর্মকে একটি বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব, এবং লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার বিষয়ে
ব্যবহৃত ভাষাও ধর্মীয় বিশ্বাস ও শরীয়তের বিপরীত
বলে তিনি দাবি করেন।
এই
রিটে তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার
কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত রিট খারিজের আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী এবং কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।
আদালতের
পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু এই সুপারিশগুলো এখনো
সরকারিভাবে গৃহীত বা বাস্তবায়ন হয়নি,
সেহেতু এ মুহূর্তে রিটটি
গ্রহণযোগ্য নয়। তবে ভবিষ্যতে এই সুপারিশ যদি
বাস্তবে রূপ পায়, তাহলে বিষয়টি পুনরায় আদালতে তোলা যেতে পারে।