× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজও উত্তাল সচিবালয়, চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ১৩:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়। সোমবার (২৬ মে) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক সভায় বসেন এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেন। ওই সভায় নেতারা স্পষ্টভাবে জানান, চাকরি সংশোধনী অধ্যাদেশ প্রত্যাহার না করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

সভার পর সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয়জুড়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিছু সময় পর, বেলা সোয়া ১১টার দিকে মিছিলে যোগ দেন পরিষদের আরেক অংশের নেতা মো. নূরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম। এ সময় শত শত কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে নেমে এসে বিক্ষোভে অংশ নেন। অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। তারা শ্লোগান দেন—‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর, করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালো আইন’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’ ইত্যাদি।সরকার ইতোমধ্যে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (২৫ মে) সন্ধ্যায় এ অধ্যাদেশে সই করেন। এতে চারটি অপরাধের জন্য সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো সরকারি কর্মচারীর কর্মকাণ্ড অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে, শৃঙ্খলা বিঘ্নিত করে কিংবা কর্মে অনুপস্থিতি বা কর্মবিরতির মাধ্যমে দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা দেয়, অথবা যদি তিনি অন্য কর্মচারীদের কর্তব্য পালনে বাধা দেন বা প্ররোচিত করেন, তাহলে তাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে। এই অপরাধে সংশ্লিষ্ট কর্মচারীকে চাকরিচ্যুতি, বরখাস্ত বা নিম্নপদে অবনমনের মতো শাস্তি দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। সরকার দ্রুত অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ হয়ে কর্মচারীরা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আজকের বিক্ষোভ তারই ধারাবাহিক অংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.