বিএনপি
নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা
চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। তিনি জানিয়েছেন, সোমবার (২৬ মে) চেম্বার
বিচারপতির আদালতে এই আবেদনের ওপর
শুনানি হতে পারে।
এর
আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট
ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা
চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন। আদালত জানান, রিটটি শুনানিযোগ্য নয়। ফলে হাইকোর্টের এই আদেশের পর
ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি
বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
ইশরাকের
পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার
কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম
এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ
উল্লাহ। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
উল্লেখ্য,
গত ১৪ মে ইশরাক
হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে হাইকোর্টে
রিট করেন ঢাকাবাসী মো. মামুনুর রশিদ। তিনি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। রিটে শুধু শপথ বন্ধ করার নির্দেশনাই নয়, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ট্রাইব্যুনাল বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। মামলার আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।
২০২০
সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের
ব্যবধানে পরাজিত করেন। তবে দীর্ঘদিন শুনানি শেষে গত ২৭ মার্চ
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী
ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন
কমিশন (ইসি) ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
গেজেট
প্রকাশের পরও শপথ না নেওয়ায় ক্ষোভ
প্রকাশ করেন ইশরাকের আইনজীবীরা। হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার মাহবুব
উদ্দিন খোকন বলেন, “এখন সরকারের দায়িত্ব হলো, কোনো গড়িমসি না করে অবিলম্বে
ইশরাক হোসেনের শপথগ্রহণের ব্যবস্থা করা। যদি এখনো শপথ না করানো হয়,
তবে সেটি হবে আদালত অবমাননার শামিল।”
এদিকে,
মেয়র পদে শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গুলিস্তানের নগরভবনের সামনে 'ঢাকাবাসী' ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই
কর্মসূচির ঘোষণা দেন আয়োজকরা।