সরকার
ও সেনাবাহিনী একসঙ্গে, ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা।
সোমবার
(২৬ মে) দুপুরে সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এসব কথা বলেন।
করিডর
প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, “এই বিষয়টি অত্যন্ত
স্পর্শকাতর। এটা আমাদের সবার দেশ—এই দেশের স্বার্থ
ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি মনে করি না যে বিষয়টি
এমন পর্যায়ে পৌঁছেছে, যেমনটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।”
তিনি
আরও বলেন, “সরকার ও সেনাবাহিনী একে
অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দায়িত্ব পালন করছি। এই সহযোগিতা ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।”
তিনি
জোর দিয়ে বলেন, “করিডর ইস্যুর সঙ্গে সীমান্তে আরসার মুভমেন্টের কোনো সম্পর্ক নেই। এই দুটি বিষয়
একেবারেই আলাদা। অনেকে ভাবছেন সরকার ও সেনাবাহিনী আলাদা
চিন্তা করছে, কিন্তু বাস্তবে আমরা একসঙ্গে কাজ করছি।”
চট্টগ্রামের
একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন কেএনএফ-এর পোশাক পাওয়ার
বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উল-দৌলা বলেন,
“কেএনএফ মূলত বম কমিউনিটি-ভিত্তিক
একটি সংগঠন। তাদের পোশাক উদ্ধারের খবরটি সত্য এবং তা উদ্বেগজনক। আমরা
পার্বত্য চট্টগ্রামে তাদের অস্ত্রের ব্যবহার দেখেছি। তাদের হামলায় আমাদের কয়েকজন সেনা সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এ প্রেক্ষাপটে এই
ধরনের খবর কোনোভাবেই ইতিবাচক নয়।”