দেশের
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৬ মে) রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (USCIRF) চেয়ারম্যান স্টিফেন শ্নেকের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।
সাক্ষাৎকালে
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বর্তমান অবস্থা, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান, সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধনী এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক
ইউনূস বাংলাদেশের ধর্মীয় বৈচিত্র্য ও সম্প্রীতির গুরুত্ব
তুলে ধরেন এবং ১৭ কোটি ১০
লাখ মানুষের এই দেশে ধর্মীয়
সহাবস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে সরকার কঠোর পরিশ্রম করছে।”
সংখ্যালঘুদের
বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে ড. ইউনূস বলেন,
“বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য সরকার সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানাচ্ছে। যেকোনো আন্তর্জাতিক সাংবাদিক যেকোনো সময় এসে প্রতিবেদন তৈরি করতে পারেন।” তিনি জানান, গণঅভ্যুত্থানের পর বহু সাংবাদিক
ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছেন।
তিনি
আশঙ্কা প্রকাশ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু দেশি ও বিদেশি গণমাধ্যম
উদ্দেশ্যপ্রণোদিতভাবে
ঘটনাবলি বিকৃত করে তা উগ্র ইসলামপন্থী
আন্দোলন হিসেবে উপস্থাপন করছে।
প্রধান
উপদেষ্টা আরও বলেন, “দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং ফিলিস্তিনে গণহত্যার প্রেক্ষাপট বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশেও প্রভাব ফেলছে, যা সম্প্রীতির পথে
বড় চ্যালেঞ্জ।”
বৈঠকে
ইউএসসিআইআরএফ চেয়ারম্যান শ্নেক বাংলাদেশের সংস্কার কমিশনের কাজ ও সংবিধান সংশোধনীর
খসড়া সম্পর্কে জানতে চান। জবাবে ইউনূস জানান, প্রস্তাবিত সংশোধনীতে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার
সুরক্ষিত থাকবে এবং ঐকমত্য কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপে যুক্ত রয়েছে।
রোহিঙ্গা
সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন,
“রোহিঙ্গা ক্যাম্পে এক ক্ষুব্ধ তরুণ
প্রজন্ম বেড়ে উঠছে। তাদের আশার আলো দেখাতে হবে।” তিনি জানান, তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক
সহযোগিতা চান বলেও জানান তিনি।