× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ বছর পর ঢামেকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পুনরায় চালু

ডেস্ক রিপোর্ট।

১১ অক্টোবর ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

মহামারি করোনার কারণে বন্ধ থাকার পাঁচ বছর পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) ইউনিট পুনরায় চালু ও আধুনিকায়ন করা হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের দশম তলায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, কভিড-১৯ শুরু হওয়ার পর ঢাকা মেডিক্যালের বিএমটি’র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ২০২৩ সালে চালুর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি বলেন, আজ সম্পূর্ণ রূপে এটা চালু করা হলো।

স্বাস্থ্য উপদেষ্টা দরিদ্র ও অসহায় রোগীদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "এই চিকিৎসা একটা কস্টলি চিকিৎসা। সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড এডুকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাঁদের সামর্থ্য আছে, তাঁরা সুযোগটা নিতে যাবেন না। যাঁদের সামর্থ্য নেই তাঁরাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা নেবেন।"

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর বিএমটি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানতে পেরে তা পুনর্গঠন করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, "এটা আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট। এখানে সব ধরনের ল্যাব ফ্যাসিলিটিজ আছে।"

ডা. রহমান জানান, এই সেন্টারটি ঢাকা মেডিক্যালের একজন এবং চট্টগ্রাম মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে আসা দুজন প্রশিক্ষিত হেমাটোলজিস্টের তত্ত্বাবধানে চলবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে কর্মরত বিএমটি প্রশিক্ষিত সকল হেমাটোলজিস্টকে নিয়ে এটি একটি টেকনিক্যাল বডি হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমানে এই ইউনিটে ৫ জন রোগী ভর্তি আছেন এবং "আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বিএমটি এখানে হবে আশা করছি।"

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান হাসপাতালের নতুন সংযোজন সিসিইউর নতুন বেড, কয়েকটি আল্ট্রাসনোগ্রাম এবং নতুন টিকিট কাউন্টার ঘুরে দেখেন। এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ডা. মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.