জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে ও প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় সৌদিতে তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপসহ ৫টি দেশের প্রতিনিধিদেরে সাথে বৈঠকের কথা জানান ড. খলিলুর রহমান। দেশের প্রতিনিধিরা নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করতে কয়েকটি দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বলেও জানান ড. খলিলুর রহমান। এসময় আফগান-পাকিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেন তিনি। জানান এ যুদ্ধে কারো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ।