দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে বৃহত্তর ফরিদপুরে শিক্ষায় নতুন মাইল ফলকের সূচনা হলো ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে জাহানারা আজিজ মেনশনের নিচতলায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এখন আর বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য শিক্ষার্থীদের গাজীপুরে যেতে হবে না। এতে সময় ও অর্থ-উভয়েরই সাশ্রয় হবে।
বক্তারা এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা আরও বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়েছে শিক্ষার মানেও।
বক্তারা জানান, এতদিন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো আঞ্চলিক শাখা না থাকায় কলেজগুলোকে নানা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতো। নতুন কেন্দ্র চালু হওয়ায় ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা দ্রুত সেবা ও সমস্যা সমাধানের সুযোগ পাবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি খেলাধুলা, সাহিত্যচর্চা, কারিগরি শিক্ষা ও একাডেমিক কার্যক্রমেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা ফরিদপুরের শিক্ষা উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি স্থাপন প্রয়োজন। একই সঙ্গে যুব সমাজকে খেলাধুলামুখী করতে খেলার মাঠ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা বলেন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করা গেলে দেশের তরুণরা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের ক্রীড়া নৈপুণ্য তুলে ধরতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
