ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তিনি বলেছেন, এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট হতে পারে। এরপর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করলেও তিনি যদি কোনো অপরাধ বা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে ব্যক্তি হিসেবে ও স্বতন্ত্রভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় ব্যানার, প্রতীক বা স্লোগান ব্যবহার করা যাবে না। অপরাধী হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি জানান, দেশের ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ ১০টি জেলায় নতুন রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।
উপদেষ্টা জানান, গত ২১ জুন পর্যন্ত সরকারি গুদামে রেকর্ড ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা নিরাপদ সীমার চেয়ে প্রায় ৭ লাখ টন বেশি। এদিকে মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা ১০ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফর শেষ করে চীনে পৌঁছেছেন। মালয়েশিয়ার সাথে নতুন শ্রম কাঠামো গঠনে যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে।
ডা. জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ চাহিদা মেটাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘ঢাকা ৪০০ কেভি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক’ নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। দেশে একটি স্বাধীন ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। বিটিসিএল দেশজুড়ে ৯৭৭টি ওয়াইফাই হটস্পট চালু করেছে।
সাইবার বুলিং ও নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, সাইবার অপরাধীদের চিহ্নিত করতে রাষ্ট্র নিজস্ব প্রাতিষ্ঠানিক মেকানিজম ব্যবহার করবে।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
