দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।
পূর্বাভাসে জানানো হয়েছে- রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের নৌপথের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।