× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেক্স রিপোর্ট

১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান ছাড়াও বিএনপির দুই সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নাম রয়েছে।

আব্দুল হাই উপমন্ত্রী ও সংসদের প্যানেল স্পিকার ছিলেন।

এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শোক প্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তার নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠানো যাবে। পরে তা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণের পর প্রয়াত ব্যক্তিদের স্মরণে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.