× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কয়লাখনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৪, ১৪:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।

এছাড়া মামলার আসামি সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আর অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।

যাদের বিচার শুরু হয়েছে তারা হলেন- সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও মো. সিরাজুল ইসলাম চৌধুরী। এদিন আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শুনানি করেন। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি ও চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলি করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মারা গেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.