ঢাকা মহানগরীতে আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠা ও ৭ দফা দাবী জানিয়েছেন “অর্গানাইজেশন ফর দ্যা ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্স” সংগঠনের নেতৃবৃন্দ ৷ আজ ঢাকা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খালিদ হোসাইন বুদ্ধু লিখিত বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৭দফা দাবি তুলে ধরেন দাবী সমূহ ১. সমৃদ্ধ অটোমোবাইলস ওয়ার্কশপ জোন নির্মাণ (অটোমোবাইলস ওয়ার্কশপ স্থায়ী করণের দাবী)।
২. অটোমোবাইল ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা। ৩. আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র। ৪. সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ৩৫০০ সিসি’র উর্দ্ধে গাড়ির ইঞ্জিনে গভর্নর সিল সংযোজন। ৫. রেন্ট-এ কারের জন্য প্রতিটি থানায় একটি করে রেন্ট-এ-কার স্ট্যান্ড নির্মাণ করা। ৬. রেন্ট-এ-কারের ট্যাক্স টোকেন এর ফি ৫০% কমানো। ৭. সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আদালত প্রতিষ্ঠা।
দাবী-১ বর্তমানে সারা দেশে অন্ততঃ ১১ হাজারের বেশি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। এর সাথে জড়িত রয়েছেন প্রায় এক লক্ষ তিরিশ হাজার কর্মী। তবে, এই ওয়ার্কশপগুলো পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, সড়কের পাশে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপে কাজ করাতে গিয়ে গাড়ির মালিকগণ অস্বস্তিবোধ করেন। স্থান স্বল্পতায় তাদের গাড়িগুলো রাস্তার ওপর রেখেই কাজ করতে হয়। এতে করে যানবাহনসহ পথচারির চলাচলেও বিঘ্ন ঘটে। গাড়ি মেরামতকালে টেস্ট করতে গিয়ে হর্ণ বাজানো সহ হাতুড়ি পেটা করতে হয়। এতে শব্দ দূষণ হয় এবং স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটে।
এছাড়া ওয়ার্কশপের কারণে সংশ্লিষ্ট আবাসিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। এসকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা ঢাকা মহানগরীর এই ওয়ার্কশপগুলো একটি নির্দিষ্ট জায়গায় স্থাপনের জন্য ঢাকা মহানগরীতে একটি আধুনিক ও উন্নতমানের ‘অটোমোবাইলস জোন’ স্থাপনের দাবি জানাচ্ছি। এই সিটিতে থাকবে প্রায় তিন শতাধিক ওয়ার্কশপ, রিকন্ডিশন মাল ক্রয়-বিক্রয়ের বড় দোকান, পার্টস এক্সরির জন্য ঢালাই কারখানা, রিকন্ডিশন গাড়ি ক্রয়-বিক্রয় কেন্দ্র, দেশ-বিদেশের গাড়ি উৎপাদনকারী কোম্পানীর এডভারটাইজমেন্ট শোরুম, মল্ডিং কারখানা, লেদ কারখানা, যন্ত্রাংশ নির্মাণ প্রতিষ্ঠান গড়ে উঠবে।
এই অটোমোবাইল সিটিতে দেশের পাঁচ লক্ষ কর্মীর কর্মসংস্থান হবে। সভাপতি খালিদ হোসাইন বুদ্ধু আরো বলেন গাবতলী টার্মিনালের পিছনে ২৪৬ একর জায়গা রয়েছে সরকারের। এই জায়গার মালিক তিনটি মন্ত্রণালয়। সেখানে এখনো তেমন কোন জনবসতি গড়ে ওঠেনি অটোমোবাইলস সিটির জন্য এটি উত্তম জায়গা হতে পারে। কারণ গাবতলীর পাশেই ২৮০ ফিট প্রশস্ত সড়ক, বেড়িবাঁধও তিনশ ফিট। অটোমোবাইলস সিটি প্রতিষ্ঠিত হলে এটি হবে দেশের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। দাবী-২ অটোমোবাইলস সেক্টরের উন্নতির জন্য তাই উক্ত জোনের অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হবে ‘অটোমোবাইল ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র’। দেশ-বিদেশের গবেষকরা সেখানে গবেষণার মাধ্যমে নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের দেশ ও
পৃথিবীকে সমৃদ্ধ করবেন। দাবী-৩ এই অটোমোবাইল সিটির কার্যক্রমকে চৌকষ করতে গড়ে তুলতে হবে দক্ষ জনবল। তাই সেখানে গড়ে তুলতে হবে
আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র। দাবী-৪ সম্প্রতি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার পরিমান আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে ৩৫০০ সিসির উর্দ্ধে গাড়িগুলোর ইঞ্জিনে স্পিড কন্ট্রোল গভর্নর সিল সংযোজন করতে হবে দাবী-৫ বর্তমানে সারা দেশে রেন্ট-এ-কারের সংখ্যা প্রায় ৪৭ হাজার। এতগুলো গাড়িকে সুন্দর ব্যবস্থাপনায় আনার জন্য প্রতিটি থানায় একটি করে রেন্ট-এ কারের স্ট্যান্ড সরকারিভাবে স্থাপন করার দাবী জানাচ্ছি। দাবী-৬ একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বল্প আয়ের ব্যক্তিরাই রেন্ট-এ-কারের গাড়ি ও ব্যবসার সাথে জড়িত। তাই এই গাড়িগুলোর ট্যাক্স টোকেনের ব্যয় ৫০% কমিয়ে আনতে হবে। তাতে ঐ সকল ব্যক্তিবর্গ অশেষ উপকৃত হবেন। দাবী-৭ সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে পৃথক আদালত ব্যবস্থা এখন সময়ের দাবী। এই আদালতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সকল
আইনি জটিলতা দ্রুতগতিতে নিষ্পত্তি হবে। সড়ক দুর্ঘটনা একটি জঘন্যতম অপরাধ, এই অপরাধের বিচার দ্রুতগতিতে হলেই এই অপরাধ কমে যাবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব বরেণ্য গুণীজন ড. মুহাম্মদ ইউনুস স্যার কাছে আমাদের এই দাবীগুলো বাস্তবায়ন করার দাবী জানাই একই সাথে আমাদের সংগঠন “অর্গানাইজেশন ফর দ্যা ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিকস্” এর পক্ষ থেকে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সুযোগ চাই ৷