প্রকৃতিপ্রেমীদের
মধ্যে একটা বড় অংশ ভালবাসে পাহাড়। পাহাড়ের সর্বনাশা অ্যাডভেঞ্চারের নেশায় পৃথিবীর দুর্গম
সব পর্বতগুলোতে ছুটে যান পাহাড়প্রেমীরা। প্রতিবছর এসব দুর্গম পর্বত জয় করতে গিয়ে প্রাণ
হারান হাজারো ট্রাভেলার। শুধু সৌন্দর্যের জন্যই নয়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা
ও জীবনমান উন্নয়নেও পর্বতের গুরুত্ব অপরিসীম। জনজীবনে পর্বতের তাৎপর্য ও পৃথিবীর পরিবেশ
রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়ে আসছে।
আজ (১১ ডিসেম্বর)
আন্তর্জাতিক পর্বত দিবস। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ভবিষ্যতের
লক্ষ্যে ২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে চূড়ান্ত
করে। ২০০৩ সালের ১১ ডিসেম্বর প্রথমবারের মত আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়। সেই থেকে
প্রতিবছর বিভিন্ন দেশে পর্বতকে ধ্বংসের হাত থেকে রক্ষার কৌশল হিসেবে দিবসটি পালিত হয়ে
আসছে।
দিবসটির এবারের
প্রতিপাদ্য বিষয়, ‘মাউন্টেইন সলিউশনস ফর এ সাসটেইনেবল ফিউচার-ইনোভেশন, অ্যাডাপ্টেশন
অ্যান্ড ইয়ুথ'।
আন্তর্জাতিক
পর্বত দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের পার্বত্যাঞ্চলে রয়েছে বিশেষ কর্মসূচি। পার্বত্য চট্টগ্রাম
বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আন্তর্জাতিক পর্বত দিবস ২০২৪' উপলক্ষে আজ (১১ ডিসেম্বর)
সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন। এ ছাড়া সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন।