দেশের তিনটি বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যত্র তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অফিস এ পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী পাঁচ দিনের মধ্যে শেষের দিকে দেশের তাপমাত্রা আরও কমতে পারে।