২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট বিনিয়োগের ২৯% এসেছে বেপজাধীন আটটি ইপিজেড এবং সম্প্রতি উৎপাদন শুরু করা বেপজা অর্থনৈতিক অঞ্চলে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি আজ ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে সারা দেশে বিনিয়োগ ৭১% কমলেও বেপজায় এই কমার হার ২২.৩৩%। প্রক্ষান্তরে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে বেপজার জোনসমূহ থেকে রপ্তানি বেডেছে ২২.৪১%। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান।
অনুষ্ঠানে বেপজার সার্বিক কার্য্ক্রম, সাম্প্রতিক সময়ে অর্জিত সাফল্য, জাতীয় অর্থনীতিতে অবদান, ইপিজেডের শ্রম ও পরিবেশবান্ধব পরিবেশ প্রভৃতি বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বেপজার নির্বাহী বোর্ডের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর।
‘মিট দ্যা প্রেস’-এ উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক সহ বেপজার উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আবু সাঈদ মোঃ আনোয়ার পারভেজ।
বেপজাধীন জোনসমূহে বিনিয়োগ আনয়নের মাধ্যমে শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৮০ সালে দেশে বেপজার যাত্রা শুরু হয়। বেপজাকে দেশের বিভিন্ন অঞ্চলে ইপিজেড প্রতিষ্ঠা, উন্নয়ন ও পরিচালনার কর্তৃত্ব প্রদান করা হয়।
১৯৮৩ সালে চট্টগ্রাম ইপিজেড স্থাপনের মাধ্যমে বাংলাদেশে ইপিজেডের যাত্রা শুরু হয়। চট্টগ্রাম ইপিজেডের সাফল্যকে ভিত্তি করে এর ১০ বছর পরে ঢাকার অদূরে সাভারে ১৯৯৩ সালে দেশের দ্বিতীয় ইপিজেড- ঢাকা ইপিজেড স্থাপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আরও ৬টি ইপিজেড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে বেপজার অধীনে মোট ৮টি ইপিজেড চালু রয়েছে, যথা- চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, উত্তরা, ঈশ্বরদী, কর্ণফুলী ও আদমজী। এছাড়া বেপজার অধীনে চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে যেখানে ইতিমধ্যে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করেছে। পটুয়াখালী এবং যশোর জেলায় দুটি ইপিজেড স্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়া, গাইবান্ধা জেলায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট এফডিআই এর ২৯% অবদান বেপজার:
বেপজাধীন আটটি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের মোট আয়তন মাত্র ৩,৪৪৫ একর অর্থাৎ মাত্র ১৩.৯৫ বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তনের এই অতি ক্ষুদ্র এলাকার মাধ্যমে বেপজাধীন জোনসমূহ ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI এর ২৯% অবদান রেখেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে গত অর্থবছরে দেশে মোট FDI এসেছে ১৪৬৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে শুধু বেপজাধীন জোনসমূহে বিনিয়োগ হয়েছে ৪২৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার।
দেশের জাতীয় রপ্তানিতে ইপিজেডসমুহের অবদান ১৬%:
২০২৩-২৪ অর্থবছরে বেপজাধীন আটটি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের চালু প্রতিষ্ঠানসমূহের রপ্তানির পরিমাণ দেশের মোট রপ্তানির ১৬%। উল্লিখিত অর্থবছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৪৪.৪৭ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে বেপজার মাধ্যমে রপ্তানি হয় ৭.০৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বেপজা প্রতি বছর ধারাবাহিকভাবে দেশের মোট রপ্তানির ১৫-২০ শতাংশ অবদান রাখছে।
বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও বেপজার ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি:
বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা সত্বেও ২০২৪ সালে বেপজার সাথে ২৮টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগ ৫৬৮.৪৯ মিলিয়ন মার্কিন ডলার। চীন, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও বাংলাদেশ এখানে বিনিয়োগের লক্ষ্যে বেপজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মধ্যে বেপজার ১ম স্থান অর্জন:
বেপজা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায়ও সফলতার প্রমাণ রেখেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল এর “ঋণ, সম্ভাব্য দায় এবং আর্থিক ঝুঁকি সম্পর্কিত প্রতিবেদন”অনুযায়ী ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে দেশের ১০১টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান (SOE) ও স্বায়ত্তশাসিত সংস্থা (AB) এর জন্য বেপজা ১ম স্থান অর্জন করেছে।
৪৮% বৈচিত্রময় পণ্য:
রপ্তানিতে তৈরি পোশাকের একক নির্ভরতা কমিয়ে দেশের ইপিজেডসমূহ রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্রায়নের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করছে। দেশে উৎপাদিত প্রথাগত গামের্ন্টস ও গামের্ন্টস এক্সেসরিজের বাইরে ইপিজেডে উৎপাদিত পণ্যের ৪৮% বৈচিত্রময় পণ্য। বেপজা উচ্চ প্রযুক্তিসম্পন্ন শিল্প স্থাপনকে অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে এখানে বাংলাদেশের প্রথম আনম্যানড অ্যারিয়াল ভেহিক্যাল যা মূলত “ড্রোন” নামে পরিচিত, এ জাতীয় উচ্চ প্রযুক্তির কারখানা স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ইপিজেডসমূহে উৎপাদিত উল্লেখযোগ্য পণ্য সমূহের মধ্যে রয়েছে- তাঁবু ও তাঁবুর সরঞ্জাম, বাই-সাইকেল, কসমেটিক্স, হলিউড মাস্ক, ক্যাম্পিং ফার্নিচার, গল্ফ শ্যাফট, উইগ ও ফ্যাশন চুল, ম্যানিকুইন, পাট পণ্য, এনার্জি সেভিং বাল্ব, ধাতব পণ্য, খেলনা, চশমা ও চশমার ফ্রেম, ক্যামেরার লেন্স, মোবাইল যন্ত্রাংশ, কার সিট হিটার, বাঁশের তৈরি কফিন, পিপিই, ফেইস মাস্ক, ব্রাইডাল গাউন, গিফট বক্স, আইল্যাশ, কার্টন, পিভিসি এপ্রোন, সেইফটি স্যু, ব্যাগ, লাগেজ ইত্যাদি।
বেপজাধীন জোনসমুহে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগ:
বেপজাধীন জোনসমূহে মোট ৩৮টি দেশের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করেছেন। সংখ্যানুযায়ী বাংলাদেশ ছাড়া বেশি প্রতিষ্ঠান চীনের মোট ১০৮টি এছাড়াও, দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি, শ্র্রীলংকার ৭টি ও অন্যান্য।
জাতীয় অর্থনীতিতে বেপজার অবদান:
প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেপজা সরকারি কোষাগারে ১,২১৫.৯৪ কোটি টাকা আয়কর প্রদান করেছে এবং থোক প্রদান করেছে ১২২৬.৪৫ কোটি টাকা। অর্থাৎ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে বেপজার মোট আর্থিক অবদান ২,৪৪২.৩৯ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ইপিজেডস্হ শিল্প কারখানার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বেপজা প্রত্যক্ষ/পরোক্ষ অবদান রেখেছে ৩১,৭৫৮.৪৮ কোটি টাকা।
এক নজরে বেপজার চিত্র:
বর্তমানে বেপজাধীন আটটি ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। এর মধ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন বা এ-টাইপ প্রতিষ্ঠান ২৫৮টি, যৌথ মালিকানাধীন বা বি-টাইপ প্রতিষ্ঠান ৪৯টি এবং শতভাগ দেশীয় প্রতিষ্ঠান বা সি-টাইপ ১৪২টি। এছাড়াও ১০৮টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে।
বেপজার চালু শিল্প প্রতিষ্ঠানগুলোর তথ্য (বেপজার শুরু থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত)
ইপিজেডসমূহ শিল্প বিনিয়োগ
(মিলিয়ন মার্কিন ডলার) রপ্তানি
(মিলিয়ন মার্কিন ডলার) কর্মসংস্থান (জন)
চালু বাস্তবায়নাধীন
চট্টগ্রাম ইপিজেড ১৪৪ ৯ ২,১৪৭.৭৬ ৪৩,৮৪৮.৯১ ১,৮০,২১১
ঢাকা ইপিজেড ৮৪ ৪ ১৮২৫.১৮ ৩৬,৯৭৭.৫২ ৮২,০৯৫
আদমজী ইপিজেড ৪৮ ১২ ৭৮৭.৪৪ ৯২৭৬.৪৮ ৭১,৪৯৩
কুমিল্লা ইপিজেড ৪৮ ৬ ৬০০.৬৫ ৬৭৭৪.৩৭ ৪৯,০২২
কর্ণফুলী ইপিজেড ৪২ ৭ ৭৫১.৮৬ ১২১৩০.১৩ ৭৭,০২৯
ঈশ্বরদী ইপিজেড ২২ ১৬ ২৭২.৪২ ১৮৬৮.৭০ ১৮,৫৭০
মোংলা ইপিজেড ৩৪ ৭ ২৪১.৬৯ ১২৯৩.৩১ ১১,১৪৩
উত্তরা ইপিজেড ২৪ ৮ ২৫৯.০৭ ২৭৪২.৮৫ ৩২,২২৮
বেপজা অর্থনৈতিক অঞ্চল ৩ ৩৯ ২৮.২৩ ১.৩৭ ২৫৯৪
মোট ৪৪৯ ১০৮ ৬৯১৪.৩০ ১১৪,৯১৩.৬৪ ৫২৪,৩৮৫
বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’- প্রকল্প চলাকালীন ৩টি প্রতিষ্ঠানের উৎপাদন ও রপ্তানি শুরু:
২০১৮ সালে বেপজার নবম জোন হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১৩৮.৫৫ একর জমিতে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়। এটি বেপজার সর্ববৃহৎ উদ্যোগ এবং একমাত্র অর্থনৈতিক অঞ্চল। এই প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী এই জোনে মোট ৫৩৯টি শিল্প প্লট এবং ৪৫টি আদর্শ কারখানা ভবন তৈরি করা হবে।
এই জোনের কাজ শুরু হওয়ার পরপরই বেপজা দেশি বিদেশি বিনিয়োগকারীগণ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এখন পর্যন্ত মোট ৪২টি দেশি বিদেশি বিনেয়োগকারীগণ বিনিয়োগের লক্ষ্যে বেপজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগ ৯৭০.৯১ মিলিয়ন মার্কিন ডলার । লিজ স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানসমূহকে ইতোমধ্যে ২৪৯টি শিল্প প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রকল্প চলাকালীন অবস্থাতেই ২০২৪ সালে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম ও রপ্তানি শুরু করেছে যাদের প্রকৃত বিনিয়োগ হয়েছে ২৮.২৩ মিলিয়ন মার্কিন ডলার। আশা করা যাচ্ছে আরও কিছু সংখ্যক প্রতিষ্ঠান এ বছর তার উৎপাদন কার্যক্রম শুরু করবে।
সম্ভাবনার নতুন ক্ষেত্র যশোর ও পটুয়াখালী ইপিজেড:
বেপজা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যশোর জেলায় যশোর ইপিজেড, পটুয়াখালী জেলায় পটুয়াখালী ইপিজেড স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ শেষে ভূমি উন্নয়ন কাজ শুরু করেছে।
৪১০.৭৮ একর জমির উপর পটুয়াখালী ইপিজেডে ৩০৬টি শিল্প প্লট তৈরির পরিকল্পনা রয়েছে যেখানে মোট ১৫৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, বার্ষিক ১৮৩৬ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি এবং এক লাখ প্রত্যক্ষ ও দুই লাখ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে মর্মে আশা করা হচ্ছে।
৫০৩ একর আয়তনের যশোর ইপিজেডে ৪০০টি শিল্প প্লট তৈরি হবে। বেপজা আশা করছে, যশোর ইপিজেডে পূর্ণাঙ্গ উৎপান শুরু হলে মোট ২০০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, বার্ষিক ২৪০০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি এবং দেড় লাখ প্রত্যক্ষ ও তিন লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ইপিজেডে শ্রম ব্যবস্থাপনা:
ইপিজেড শ্রমিক-মালিক-ব্যবস্থাপনার এক অপুর্ব সমন্বয়ে গঠিত যার মাধ্যমে ইপিজেডসমূহে একটি অনুকূল কর্মপরিবেশ বিরাজ করছে। বেপজার বিভিন্ন ইপিজেডে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ, মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, মজুরি পরিশোধ, কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্য ক্ষতিপূরণ, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা, ইত্যাদি বিষয়ে বিধান রেখে ২০১৯ সালে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন’পাস হয় এবং ২০২২ সালে বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা প্রণীত হয় যার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে ইপিজেডের কর্ম-পরিবেশ আরো নিরাপদ, শোভন ও শ্রমবান্ধব হয়েছে। এই আইনে ইপিজেডের শ্রমিকদের শ্রমিক কল্যাণ সমিতি (WWA) গঠন প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে। গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত শ্রমিক কল্যাণ সমিতিসমূহই শিল্প বিরোধ উত্থাপন, নিষ্পত্তি এবং শ্রমিক অধিকার ও স্বার্থ রক্ষায় স্বাধীনভাবে যৌথ দরকষাকষি প্রতিনিধি বা সিবিএ (CBA) হিসেবে কাজ করছে।
ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সুবিধাদি ইপিজেডের বাইরের কারখানার চেয়ে বেশি:
খাদ্য ও যাতায়াত ভাতা বাদে ইপিজেডের শ্রমিকের ন্যূনতম মজুরি ১২,৮০০ টাকা। যেখানে খাদ্য ও যাতায়াত ভাতাসহ ইপিজেডের বাইরের কারখানার শ্রমিকেরা পাচ্ছেন ১২,৫০০ টাকা । অর্থাৎ ইপিজেডের শ্রমিকরা বাইরের শ্রমিকদের চেয়ে মজুরি ও অন্যান্য সুবিধা বেশি ভোগ করছেন। এছাড়া কোন কারখানায় কর্মরত মোট শ্রমিকের ৫০% বার্ষিক নূন্যতম ১০% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। বাকি ৫০% এর মজুরি বৃদ্ধির হার ৯-১০% যেখানে ইপিজেডের বাইরের বার্ষিক শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার ৯%।
শ্রমিক কল্যাণ:
বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইপিজেডেই হাসপাতাল অথবা মেডিকেল সেন্টার রয়েছে। এছাড়া, অধিকাংশ ইপিজেডেই ‘বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছে। ৫০% ভর্তুকিসহ শ্রমিকদের সন্তানেরা এসব স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইপিজেডে হাসপাতাল অথবা মেডিকেল সেন্টার এবং শ্রমিকদের সন্তানদের পরিচর্যার জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।
ইপিজেডে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে বেপজা। হেল্পলাইন চালুর অন্যতম উদ্দেশ্য হলো ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এর সুষ্ঠু সমাধান ও দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা। শ্রমিকরা যেকোনো নম্বর থেকে হেল্পলাইন নাম্বার ‘১৬১২৮’ এ ফোন করে তাদের সমস্যা জানাতে পারেন। ২৮ মার্চ ২০২১ তারিখে হেল্পলাইন চালুর পর থেকে ডিসেন্বর ২০২৪ পর্যন্ত মোট ১,৩০,৭৭ টি অভিযোগ পাওয়া গিয়েছে, যারমধ্যে ১,৩০,৩৪টি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং ৪৩টি প্রক্রিয়াধীন আছে।
পরিবেশবান্ধব ইপিজেড:
ইপিজেডে পরিবেশ ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পরিবেশবান্ধব সেবামূলক শিল্প প্রতিষ্ঠান তথা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, পানি পরিশোধনাগার, সৌর বিদ্যুৎ রয়েছে। ইপিজেডে লো-কার্বন গ্রিন জোন উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বনায়নসহ সোলার প্যানেল, সোলার স্ট্রিট লাইট, বয়লার নিঃসরিত বাষ্প থেকে বিদ্যুতের ব্যবহার প্রবর্তন করা হয়েছে।
বেপজা সবুজ শিল্প কারখানা যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। ঈশ্বরদী ইপিজেডের কারখানা ভিনটেজ ডেনিম স্টুডিও দেশের প্রথম সবুজ কারখানা। সবুজ শিল্পায়নের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য ভিনটেজ ডেনিম স্টুডিও US Green Building Council কর্তৃক সর্বপ্রথম লিড প্লাটিনাম সনদ লাভ করে। তার দেখানো পথ ধরেই আজ দেশে দুই শতাধিক পরিবেশবান্ধব কারখানা গড়ে উঠেছে এবং বিশ্বের বুকে বাংলাদেশ Global leader of green industries হিসেবে পরিগণিত হচ্ছে।
ও এস এস (OSS):
প্রতিষ্ঠার শুরু থেকেই বেপজা ইপিজেডের বিনিয়োগকারীগণকে “One Window Same Day Service” প্রদান করে আসছে। সরকার প্রণীত ‘ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট, ২০১৮’এর আওতায় বেপজা ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা ২০১৯ প্রণয়ন করেছে যেখানে তাৎক্ষণিক সেবা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগ সংশ্লিষ্ট ২০০ ধরনের সেবার মধ্যে বেপজা কর্তৃক সরাসরি প্রদেয় ১২৪ ধরনের সেবা অন্যান্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ৭৬ ধরনের সেবা বেপজা ওএসএস সেন্টার থেকে বিনিয়োগকারীরা পাচ্ছেন। বিগত ০৬ মাসে বিনিয়োগকারীদের ৪,১২,৩০৫ টি বেপজা সংশ্লিষ্ট সেবা এবং ১৪৪ টি অন্যান্য সংস্থা সম্পর্কিত সেবা প্রদান করা হয়েছে।