২০২৫ সালের ৯ই সেপ্টেম্বর। কাঠমান্ডুর হিমালয়ের শীতল বাতাস সেদিন যেন উত্তপ্ত হয়ে উঠেছিল। ভোরের আলো ফুটতেই এক পরিবারের জীবন পাল্টে যায়। রিহম সাহেবের বাড়িতে তখনও ঘুম ভাঙেনি। তার ছোট্ট মেয়ে রিয়া, যে কিনা বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন দেখে, সে তার বাবার পাশে ঘুমিয়ে আছে। হঠাৎই টিভিতে ব্রেকিং নিউজ। নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। রিয়া চোখ মেলে দেখলো তার বাবা নিশ্চুপ বসে আছেন, তার চোখে হতাশার গভীর ছাপ।
“বাবা, নেপালে কী হয়েছে?” রিয়ার প্রশ্ন শুনে রহিম সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। তিনি যেন দেখেছেন, নেপালের এই চিত্র বাংলাদেশের মতোই এক করুণ বাস্তবের প্রতিফলন। ক্ষমতা, লাভ আর দুর্নীতির চক্র কীভাবে একটি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তার জ্বলন্ত উদাহরণ যেন এই ঘটনা। এই দৃশ্য শুধু নেপালের নয়, আমাদের বাংলাদেশেরও।
এই ঘটনা প্রমাণ করে যে, যখন একটি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, যখন গণতন্ত্রের মুখোশের আড়ালে স্বৈরাচার আর শোষণ চলে, তখন গণমানুষের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। নেপালের পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা কখনো স্থায়ী বিষয় নয়। জনগণের ঐক্যবদ্ধ শক্তি যেকোনো স্বৈরশাসককে উৎখাত করতে পারে। এই অভ্যুত্থান শুধু নেপালের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন নয়, এটি বিশ্বজুড়ে নিপীড়িত জনগণের জন্য এক নতুন অনুপ্রেরণা। কিন্তু আমরা কি এই আন্দোলনের পেছনের কারণগুলো নিয়ে গভীরভাবে ভাবছি?
নেপালের প্রধানমন্ত্রী এবং তার আমলাতান্ত্রিক শাসনব্যবস্থার চরম অবনতিই এই গণঅভ্যুত্থানের মূল কারণ। দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছিল, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—সবকিছুতেই দুর্নীতি আর স্বজনপ্রীতি বাসা বেঁধেছিল। ঠিক যেমনটি আমরা বাংলাদেশে দেখেছি। নেপালের ছাত্র-জনতা এই শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা উপলব্ধি করেছিল, এই সরকারকে উৎখাত না করলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধ্য করা হয়, কিন্তু এর পেছনে ছিল এক গভীর সংকট।
তবে, একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে-এই গণঅভ্যুত্থানের ফলে সামরিক বাহিনী যেন ক্ষমতার কেন্দ্রে চলে না আসে। নেপালবাসীর জন্য এটি একটি বড় শিক্ষা। বাংলাদেশের মতো একটি ছোট্ট ভুল যেন তারা না করে, যেখানে জনগণ সেনাবাহিনীর ওপর বিশ্বাস স্থাপন করেছিল। কারণ সামরিক শাসন কখনোই সাধারণ মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। রাষ্ট্রের ক্ষমতা সেসব ব্যক্তির হাতেই অর্পণ করা উচিত, যারা এই অভ্যুত্থানে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কল্যাণে কাজ করেছেন।
নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে অন্য কোনো বিরোধী দলের অনুপ্রবেশ যেন না হয়, যারা আবার সেই পুরোনো চক্র ফিরিয়ে আনতে চায়। তাদের অবশ্যই লিখিতভাবে স্বীকার করতে হবে যে ভবিষ্যতে তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না। একটি গণঅভ্যুত্থান কেবল রাষ্ট্রব্যবস্থাকেই পরিবর্তন করে না, বরং বিশ্বজুড়ে সেই দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে অনেকটাই হিমশিম খাচ্ছে, কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের অক্লান্ত প্রচেষ্টা এবং সাধারণ জনগণের ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে দেশটি এগিয়ে যাচ্ছে।
নেপালের এই রাজনৈতিক অস্থিরতা যদি দ্রুত সমাধান না হয়, তবে এর ভবিষ্যৎ পরিণতি ভয়াবহ হতে পারে। বর্তমান মানে এই প্রভাব বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন বয়সের মানুষের মধ্যে পড়তে শুরু করেছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র সমাজ। শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে এক চরম অনিশ্চয়তা কাজ করছে। শিশুরাও পর্যন্ত এর শিকার হয়েছে। নেপালের শিশুরা এখন রাজনীতির ভয়াবহতা দেখে বড় হচ্ছে, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
এই রাজনৈতিক সংকট যদি দীর্ঘায়িত হয়, তাহলে নেপাল পাকিস্তানের মতো সামরিক শাসনের কবলে পড়তে পারে, যা বাংলাদেশের মতো বন্ধু রাষ্ট্রের কাছেও একটি বড় দুশ্চিন্তার কারণ। সামরিক শাসন একটি দেশের গণতন্ত্রকে পঙ্গু করে দেয় এবং জনগণের মৌলিক অধিকার হরণ করে।
-68c14633896a0.jpg)
বাংলাদেশের বর্তমান দুর্বিষহ পরিস্থিতির সংস্কারের দায়িত্ব এখন সাধারণ জনগণের হাতে। দুঃখজনক হলেও সত্য যে, নেপালেও একইরকম ঘটনা ঘটেছে। সেখানকার প্রধানমন্ত্রীও শেখ হাসিনার মতোই স্বৈরাচারী শাসনের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রীর দোষগুলো ছিল স্পষ্ট—তিনি জনগণের মৌলিক অধিকারকে উপেক্ষা করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং দেশকে শোষণের পথে নিয়ে গেছেন। তিনি দেশ থেকে না পালিয়ে যদি বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো।
তবে, ড. মুহাম্মদ ইউনূসের মতো নেতার কারণে বাংলাদেশ যেমন ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, তেমনি নেপালেরও উচিত সব রাজনৈতিক মতাদর্শ ভুলে ঐক্যবদ্ধ হওয়া। তাদের প্রত্যেকটি মানুষকে এই অভ্যুত্থানের মতো নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। যদি তারা সামরিক শাসনের পরিবর্তে একটি সঠিক কার্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, তবে দেশটি আবার ঘুরে দাঁড়াতে পারবে।
নেপালের এই সংকট একটি সমাধানযোগ্য সমস্যা, যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এর সবচেয়ে বড় সমাধান। একটি সুস্পষ্ট রোড ম্যাপ তৈরি করতে হবে, যা ভবিষ্যতের আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় সাহায্য করবে। এই মুহূর্তে নেপালবাসীকেই তাদের নিজেদের হাতে ভবিষ্যৎ তুলে নিতে হবে, কোনো বাহ্যিক শক্তির ওপর নির্ভর করা যাবে না। মনে রাখতে হবে, মানুষের ইচ্ছা আর ঐক্যই যেকোনো সমস্যার সমাধান করতে পারে।“যখন জনগণ জাগে, সিংহাসন কাঁপতে থাকে; হয় না কোনো বাঁধন, যখন জনতার হয় গর্জন।”
[লেখক.ড.তারিনমা ওয়ারদা আন্দালিব: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক
দাউদ ইব্রাহিম হাসান ব্র্যাক বিশ্ববিদ্যালয় একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও আইডিএলসি ফাইনান্স পিএলসিতে মার্কেটিং ডিপার্টমেন্টের সদস্য ]
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
