পবিত্র রমজান মাসের প্রথম ২০ দিনে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে রেকর্ডসংখ্যক মুসল্লির সমাগম ঘটেছে। দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্যমতে, এই সময়ে ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ যাত্রী ইবাদত বন্দেগিতে অংশ নিয়েছেন।
কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২০ রমজান পর্যন্ত মক্কার মসজিদুল হারামে ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও কিয়ামুল লাইল আদায় করেছেন। একই সময়ে ওমরাহ পালন করেছেন ১৫ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৬ জন ধর্মপ্রাণ মুসলমান। মূলত ওমরাহ ও নামাজ জোনের প্রবেশপথে স্থাপিত ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে এই নিখুঁত হিসাব নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে এই ২০ দিনে ২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মুসল্লি সালাত আদায় করেছেন। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক সংলগ্ন জান্নাতের টুকরো হিসেবে পরিচিত ‘রিয়াজুল জান্নাতে’ ইবাদতের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন। এ ছাড়া প্রিয় নবীজি (সা.) ও তাঁর দুই সঙ্গীর কবরে সালাম পেশ করেছেন ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী।
মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের এই বিশাল জনস্রোত সামাল দিতে প্রতিটি বিভাগ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং ইবাদতের জন্য একটি নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত সেবা ব্যবস্থা চালু রাখা হয়েছে। রমজান ঘিরে মুসলিম উম্মাহর গভীর আবেগ ও আকর্ষণের কারণেই দুই পবিত্র মসজিদে এবার মুসল্লিদের এমন রেকর্ড উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।