বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষীবাহিনী দিয়ে সাড়ে তিন বছরে ৪০ হাজার বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল। দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছিল। সেই সময় মানুষের অধিকার বলতে কিছু ছিল না।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামুসজ্জামান দুদু বলেন, শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও বেশি ভয়ংঙ্কর। গত ১৬ বছরে কত হাজার মায়ের বুক সে খালি করেছে তার হিসেব নেই। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছে কিংবা আয়না ঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছে।
তিনি আরও বলেন, যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শহীদ জিয়া যেমন খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছেন, শ্রমিকদের কাজ দিয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন, তারেক রহমান ও বেগম খালেদায় জিয়া সেই বাংলাদেশ গড়তে চান। আমরা রক্ত দিতে জানি, আন্দোলন করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি কারো কাছে মাথা নত করে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি_ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাহিরে কোন ঘোষণা নয়। দেশের কিছু প্রতারক শহীদ জিয়াকে ছোট করার জন্য নানা মিথ্যাচার করেছে।
শামুসজ্জামান দুদু বলেন,শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিবকন্য নাকি পালায় না। এমন দৌঁড় দিয়েছে যে দেশে এমন দৌঁড় আর কেউ দিতে পারেনি। আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন। আমি বলতে চাই আপনি দেশে আসেন। কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন তার জবাব দিতে হবে। কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রুপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে।
মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালামসহ অন্যরা।
এরপর জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।