× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন সংগঠনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন গঠনের পরিকল্পনা করছে দেশের শিক্ষার্থীরা। এই নতুন সংগঠনটির স্লোগান হবে "স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট"। তবে সংগঠনের নেতৃত্ব এবং কবে নাগাদ এটি আত্মপ্রকাশ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আবু বাকের মজুমদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।

আব্দুল কাদের বলেন, "আন্দোলন চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন, কিন্তু পরে সবাই নিজেদের সংগঠনে ফিরে গেছেন। তবে অনেক শিক্ষার্থী যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের জন্য এখন কোনো জায়গা নেই। তাই আমরা একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো বিভাজন হয়নি এবং এখানে অনুমতি নেওয়ার কিছু নেই।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেন, "এটি একটি আলাদা উদ্যোগ। আমাদের উদ্দেশ্য হল, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী নতুন করে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করবে এবং একটি নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটি একটি স্বাধীন উদ্যোগ যা নিজস্ব গঠনতন্ত্র এবং নীতি অনুযায়ী পরিচালিত হবে।"

আবু বাকের মজুমদার আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা ছিলেন, কিন্তু এখন আমরা মনে করি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের অঙ্গীকার এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা মাথায় রেখে এই নতুন ছাত্র সংগঠন গঠন করা হচ্ছে।"

তারা জানান, নতুন ছাত্রসংগঠন গঠনের লক্ষ্যে আজ এবং আগামীকাল মঙ্গলবার সারাদেশে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হবে এবং সদস্য সংগ্রহের কাজ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং মাদরাসায় এই প্রচারণা চালানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.